রাজধানীর পল্লবীর ১১ নম্বরে বিপ্লব নামে এক তেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে স্থানীয় মাদক ব্যবসায়ী ইমতিয়াজ ও রনি। শনিবার ধানমণ্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিপ্লব (৩৭) মিরপুর ১১ নম্বরের এমসিসি বিহারি ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় ইমতিয়াজ ও রনিকে আসামি করে পল্লবী থানায় মামলা হয়েছে।
জানা যায়, ইমতিয়াজ ও রনি মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা পল্লবীর ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের বাসিন্দা। মামলার বাদী ও নিহতের স্ত্রী ইসমত জানান, বুধবার রাত ৮টার দিকে ১১ নম্বর সি ব্লকের ১১ নম্বর রোডে সিগারেট খাওয়া নিয়ে তার স্বামী বিপ্লবের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী ইমতিয়াজ ও রনির তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তারা বিপ্লবকে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। মাথা ও শরীরে ইট দিয়ে আঘাত করে। রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ হামলার দৃশ্য দেখেছে। কিন্তু কেউ এগিয়ে যায়নি। মুমূর্ষু অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তার স্বামী।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জানান, ইমতিয়াজ চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইমতিয়াজের বাবা বিহারি নেতা মোস্তাক চেয়ারম্যান। তিনি ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি। এই সংগঠনকে পুঁজি করে মোস্তাক তার ছেলেদের দিয়ে বিহারি ক্যাম্পগুলোতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। মোস্তাকের বড় ছেলে মিস্টারের বিরুদ্ধে থানায় মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে। ২০১৮ সালের গোয়েন্দা প্রতিবেদনেও মাদক ব্যবসায়ীদের তালিকায় ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের বাসিন্দা মিস্টারের নাম রয়েছে।
জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।