রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটিনায় বাবা ছেলে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত দুজন হলেন-আনিসুর রহমান (৫৫) ও সাদমান রাহিম (২২)।
রোববার (১৮ অক্টোবর) ৭টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তারা রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, ‘বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিমসহ বাবা আনিসুর কোনাপাড়া মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকেই একটি মোটরসাইকেলে রাহিম ও তার বাবা আনিসুর রহমান ফিরছিলেন এবং আরেকটি মোটরসাইকেলে ফাহিম ছিলেন।
কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তারা বাবা-ছেলে দুইজনেই গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, আনিসুর রহমান বাবুল দুই ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে মাতুয়াইল মধ্যপাড়া ৩৯ নম্বর বাসায় থাকেন। এটি তাদের স্থায়ী ঠিকানা।
গ্রীন রোডে টাইলসের ব্যবসা রয়েছে তার। তার বড় ছেলে সাদমান রাহিম বোরহানউদ্দিন কলেজের অনার্সের ২য় বর্ষের ছাত্র।