বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার রাজধানীর তিব্বত মোড়ে রাস্তা অবরোধ করেছে স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টার এদিকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করলে এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ তাদের সড়ক অবরোধ থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা রাস্তা ছাড়েনি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। কিন্তু শ্রমিকরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
সড়ক অবরোধের কারণে মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। এসময় ওই সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। মূলত সড়ক থেকে শ্রমিকদের সরাতে গিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবির কথা উল্লেখ করে শ্রমিকরা জানান, বেশ কয়েক মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা পরিবার নিয়ে কষ্টে রয়েছেন। বার বার তাগদা দিলেও কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি। তাই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা না যাওয়ায় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। / ভোকা