রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লিরা গেটের ভেতরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী স্লোগান দিতে শুরু করেন।
এ সময় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে দুই ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ধাওয়া-পাল্টা চলছে। এদিকে মোদি বিরোধী মুসল্লিদের দমাতে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের কর্মীরাও। রাজধানীর বায়তুল মোকাররম সামনে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
বায়তুল মোকাররমের অভ্যন্তরে অবস্থান নেওয়া মুসল্লিদের হাতে লাঠি দেখা গেছে। তারা পুলিশকে উদ্দেশ্য করে জুতা, ইট-পাটকেল ছুঁড়ে মারছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
এর আগে পুলিশ জানিয়েছিলো, জুমার নামাজ শেষে কেউ বিক্ষোভ মিছিল বের করলে তাদের দমন করা হবে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান। বেলা ১১টার দিকে তিনি প্লেন থেকে নামেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
ঢাকায় নামার পর ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় আসা পঞ্চম বিশ্ব নেতা।
করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর। ২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। সফরের প্রথম দিন পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যাবেন তিনি।
আজ বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করবেন মোদি। সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন।
পরে একই দিনে ঢাকার বাইরে সাতক্ষীরা এবং গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করবেন । ২৭ মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মাঝে ৫টি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে।
২৭ মার্চ সন্ধ্যা সোয়া ৭টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন মোদি। / বার্তা২৪