রাজধানীর হাতিরঝিলের আমবাগানের কাছে রাস্তার ডিভাইডারের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে প্রাইভেটকারে থাকা ঝিলিক আলম (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) রাজধানীর হাতিরঝিলের আমবাগানের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর হাতিরঝিলের আমবাগানের কাছে রাস্তার ডিভাইডারের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরে ওই গাড়ি থেকে এক নারীকে বের করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই নারীর স্বামীর নাম সাদিক আলম। গাড়িটি চালাচ্ছিলেন সাদিক নিজেই।
সাদিক আলমের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, সাদিক আলম তাদের জানিয়েছেন, গাড়িটি ডিভাইডারে ধাক্কা লাগায় তার স্ত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ওই নারীকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসে। ধাক্কা লাগায় স্বামী সাদিক আলম আহত হননি। তিনি সুস্থ আছেন।
সাদিক আলম জানিয়েছেন, তার স্ত্রী অসুস্থ ছিলেন। স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য বাসা থেকে বের হন। / বার্তা