হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১২টার দিকে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম।
তিনি জানান, ২০১৩ সালের ২৯ মার্চ রাজধানীর পল্টন থানার আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলা নং-৬০। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি রাজধানীসহ চারটি জেলায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা জানতে চাইলে র্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা যাচাই বাছাই করছি। বিস্তারিত পরে জানা যাবে।
মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘গভীর রাতে ডিবি পরিচয় দিয়ে মাওলানা আতাউল্লাহ আমীনকে নিয়ে যাওয়া হয়েছে। গত প্রায় দুই সপ্তাহ ধরে জামিয়া রাহমানিয়া মাদরাসায় অবস্থান করছিলেন তিনি’।