রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নুরুন্নবী মণ্ডল (৩৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়াল।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা সামন্ত লাল সেন।
তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া শরীরে গ্লাসের কাটা জখমও ছিল। পাশাপাশি তার শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। সর্বশেষ চিকিৎসাধীন ভোরে তার মৃত্যু হলো। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি ৩ জন আইসিইউতে থাকা রাসেলের অবস্থাও আশঙ্কাজনক। একই ঘটনায় ঢাকা মেডিকেলে আরো তিনজন চিকিৎসাধীন রয়েছে।
মৃত নুরুন্নবীর স্ত্রী পপি আক্তার জানান, তাদের বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। নুরুন্নবীর বাবার নাম ইসলাম মণ্ডল। সে ভ্যান চালাতো। থাকতো হাতিরপুল বাটা সিগন্যাল মোড়ে একটি ম্যাসে। পপি ১ ছেলে নিয়ে গ্রামে থাকতো। স্বামীর দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনার পরদিন ঢাকায় আসেন তিনি।