করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে আগের দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষ ঘরের বাইরে বের হয়েছেন। এর ফলে রাজধানীজুড়ে গত দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষকে আটক করেছে পুলিশ।
লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।
শনিবার (৩ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ এসব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জন গ্রেপ্তার করে ডিএমপি। এছাড়া ট্রাফিক আইন অমান্য করা ও গাড়ি নিয়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। / ইন্টারনেট