রাজধানীর মালিবাগে ওয়ারলেস গেটের মালবাহী ট্রেনের ধাক্কায় সাপজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ট্রেনের ধাক্কায় আহত সাপজল মিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
নিহত সাপজলের স্ত্রী নারগিস আক্তার বলেন, তারা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসা বাড়িতে কাজ করেন আর তার স্বামী সাপজল মাটি কাটার কাজ করতো। ভোর বেলা আমাকে এগিয়ে দেওয়ার জন্য দুই জন এক সঙ্গে বাসা থেকে বের হয়েছিলাম। রেললাইন পার হয়ে আমাকে এগিয়ে দিয়ে সে বাসায় ফিরছিল। পরে জানতে পারি ট্রেনের ধাক্কায় সে আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ইজাপাড়া গ্রামে। বাবার নাম কবির হোসেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, ভোরের দিকে মালিবাগ রেললাইনে মালবাহী ট্রেনের ধাক্কায় আহত হন সাপজল। তবে ঘটনাটা মালিবাগ বাজার থেকে ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে ঘটে। আঘাত গুরুতর হওয়ায় পরে তিনি মারা যান। / ভোকা