রাজধানীর চন্দ্রিমা উদ্যানের প্রবেশ মুখে পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারী'র গাড়িতে বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় সচিব গাড়িতে করে পরিকল্পনা কমিশনের দিকে যাচ্ছিলেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হননি।
সচিব জয়নুল বারী বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এসময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নিই। তারা গাড়ির সব গ্লাস ভেঙে ফেলছে। গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।
সকালে বিএনপি'র মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সংগে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। / বাভি