জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া গুরুতর অসুস্থ। গত জুন মাসে পেটের টিউমার অপারেশনের পর স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় আজ বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ভারতে নেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। তারপরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। শরীরে নানান জটিলতা দেখা দেয়। ইতিমধ্যে নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ডেপুটি স্পিকারকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁর সংগে দুই মেয়ে ও এক মেয়ের জামাই যাচ্ছেন বলে জানা গেছে। / বাভি