রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের একটি কেবিন থেকে আঞ্জুমান আরা (৭০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে হাসপাতালের ১৫ তলায় ১৫২৭ নম্বর কেবিনে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, হাসপাতালে ওই নারীকে দেখভাল করতেন তার স্বামী। সন্ধ্যার দিকে তিনি ওষুধ কিনতে হাসপাতালের বাইরে যান। ফিরে এসে দেখেন ভেতর থেকে দরজা আটকানো। এক পর্যায়ে তিনি দায়িত্বরত নার্সদের খবর দেন। তারাও দরজা খুলতে না পেরে নিরাপত্তাকর্মীদের খবর দেওয়া হয়। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আঞ্জুমান আরা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি ধারণা করছেন।
তিনি বলেন, তাদের বাড়ি লক্ষ্মীপুর হলেও ছেলের বাসা ধানমন্ডিতে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তারা কেউই হাসপাতালে ছিলেন না। ধারণা করা হচ্ছে, নানা ক্ষোভ বা অভিমান অথবা পেটের প্রচন্ড ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। / সম