মাত্র তিন মাসে ‘কমিউনিটি জবস’-এর নামে ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘রিং আইডি’।
শনিবার (২ অক্টোবর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রিং আইডি'র পরিচালক মো. সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, কমিউনিটি জবসের নামে রিং আইডি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকাসহ মোট ২১২ কোটি ৪৫ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে।
আজাদ রহমান বলেন, তাদের (রিং আইডি) সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে বেশ কিছুদিন আগে সিআইডি থেকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অনুসন্ধানের জন্য চিঠি পাঠানো হয়। বিএফআইইউ ইতিমধ্যে এই বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়া রিং আইডি’র ইস্যুতে সাইবার পুলিশ সেন্টারে মানি লন্ডারিং বিষয়ে একটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
‘আইনি প্রক্রিয়া চলাকালে জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা যাতে বিদেশে পাচার না হয় সেজন্য রিং আইডি সংশ্লিষ্ট সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ভুক্তভোগীরা রিং আইডি’র বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীরা মামলা দায়েরের জন্য সহায়তা বা চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য পেতে চাইলে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ-এর (০১৩২০০১০০৮১) সংগে যোগাযোগ করতে পারেন বলে জানিয়েছেন আজাদ রহমান।
উল্লেখ্য, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। / বাভি