শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে।
এই সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করাসহ শিক্ষার্থীদের সংগে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এই সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিলো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সংগে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়।
তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সংগে খারাপ আচরণ না করেন।
এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে ঢাকা কলেজের শিক্ষকরা। / বাভি