রাজধানীর মোহাম্মদপুর বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে আল্লাহ করিম মার্কেটের সামনে সিটি করপোরেশন ময়লার গাড়ি একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এ ঘটনায় এই বাস থেকে নামার সময় আরজু বেগম (৬৫) নামে এক বৃদ্ধ আহত হন।
ঐ বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ডিউটি অফিসার এসআই নাজমুল হাসান।
এ ঘটনায় ময়লার গাড়ির চালক রতনকে আটক করেছে পুলিশ।
কোন সিটি কর্পোরেশন তা নিশ্চিত করে না জানাতে পারলেও তিনি বলেন, আজ সকালে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি একটি বাসকে ধাক্কা মারে। তখন বাস থেকে ঐ বৃদ্ধা নামছিলেন। ময়লার গাড়ির ধাক্কা বাসে লাগালে বৃদ্ধা নামতে গিয়ে তার কোমরে ব্যথা পান।
তবে এসময় ময়লার গাড়িটি খালি ছিল। গাড়িতে কোনো ধরনের ময়লা ছিল না।
এ ঘটনায় চালক রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।