রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহাদি হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে। রাত ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহাদি হাসান লিমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা দমদমা পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। মাহাদী উত্তরা কামার পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিমানবন্দর পুলিশের বরাত দিয়ে তিনি জানান, এই ঘটনায় চালক হেলপার পলাতক রয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।