শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে হোটেলটি ঘিরে রাখে র্যাব । বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মেয়র শাহানশাহকে গ্রেফতার করার জন্য হোটেলটি ঘিরে রাখা হয়েছিল।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। পৌরসভার নাম ঘোষণায় দেরি হওয়ায় মেয়র তাকে গালাগাল দেন এবং থাপ্পড় মারেন। / বার্তা২৪