ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডে স্মার্ট এলইডি বাতি বসানোর ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এছাড়াও যে সব স্থানে বাতি নষ্ট হয়েছে সেখানেও স্মার্ট এলইডি বাতি বসানো হবে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন উড়ালসেতু অংশে স্মার্ট এলইডি বাতি আলোকিতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, উড়ালসেতুটি করার সময় আলোকিত করা হয়নি। সেটি আলোকিত করার জন্য প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিই যে, আমরা নিজ অর্থায়নে এটি করব। সেই প্রেক্ষিতে আমরা মালিবাগ-মৌচাক উড়ালসেতুটিতে স্মার্ট এলইডি বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করেছি। এতে আমাদের খরচ হয়েছে মাত্র ৪ কোটি ৫২ লাখ টাকা।
তিনি আরও বলেন, এই সেতুটি আলোকিতকরণ খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে বাতি না থাকার কারণে দীর্ঘদিন সেতুটির উপর দুর্ঘটনা ঘটেছে। উড়ালসেতুটিতে অনেকের প্রাণহানিও ঘটেছে। তাই ঢাকাবাসীর জন্য আমরা এই আলোকিতকরণ কাজটি সম্পন্ন করতে পারায় আনন্দিত বোধ করছি।
এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে একটি বোতাম চাপার সাথে সাথেই সেতুটির পুরো ৩.৩৪৫ কিলোমিটার আলোকিত হয়ে গেছে। নগর ভবনে আমাদের যে নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে এটা তদারকি সম্ভব হবে। এখানে কোনও বাতি নষ্ট হলে সাথে সাথেই আমরা তা দেখতে পাব। বাতিগুলো দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ অনুযায়ী সূর্যোদয়-সূর্যাস্তের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে আবার নিভে যাবে। এজন্যই এগুলোকে আমরা স্মার্ট বাতি বলছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন।