রাজধানীর শাহবাগে ফুল কিনে রাস্তা পার হবার সময় সড়ক দূর্ঘটনায় দিপু সর্দার (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ১০০ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
প্রত্যকদর্শীরা জানান, রাজধানীর মৎস্য ভবন এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিপু সর্দার (২৮) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দিপুকে নিয়ে আসা মাহবুব জানান, নিহত দিপুর বাসা মাতুয়াইলে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রেতা হিসেবে শাহবাগ আসেন পাইকারী বাজার থেকে ফুল কিনতে।
ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিক্রি করার ইচ্ছা ছিল তার। এজন্য মৎস্য ভবনের সামনে থেকে বাসে উঠে মাতুয়াইলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তা পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।