আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এজন্য সব শ্রেনী পেশার মানুষকে সাথে রাখতে চান তিনি।
শনিবার রাজধানীর গুলশান-২ ডিএনসিসি মার্কেট প্রাঙ্গণে গুলশান থানা আওয়ামী লীগের আওতাধীন ১৮ ও ১৯ নং ওয়ার্ডের ইউনিট সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সব আশার কথা শোনান।
মেয়র আতিক বলেন, 'এই ঢাকা আমাদের অতি আদরের ঢাকা। এই ঢাকায় আমরা থাকি, জীবিকা নির্বাহ করি। সবাই মিলে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি নিতে হবে।'
এ সময় উপস্থিত নেতাকর্মীসহ নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলের অনুরোধ জানান। বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
খাল উদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'স্থানীয় জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আমরা অবৈধভাবে দখলে থাকা খালগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। সামনের দিনগুলোতে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদী।'
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও শবনম জাহান শিলা।
এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।