ঈদে নাগরিকদের যাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন বাস জব্দ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য রাস্তায় আদালত বসানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, আসন্ন ঈদে মানুষ যেন নিরাপদে তাদের বাড়িতে যাত্রা করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সেজন্য বাস টার্মিনালগুলো থেকে যেন ফিটনেসবিহীন কোনো বাস না চলতে পারে সেজন্য ডিএনসিসির কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হবে।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ১৪ হাজার শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশনা দেন বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) এবং ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) সঙ্গে সমন্বয় করে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতে কাজ করতে।
ডিএনসিসি মেয়র বলেন, ফিটনেসবিহীন বাস চলাচলের মাধ্যমে কোনোভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। আমি বাস মালিকদের আহ্বান জানাচ্ছি আপনারা ফিটনেসবিহীন কোনো বাস চালাবেন না। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে তাদের যেন লাশ হতে না হয়।
১৪ হাজার শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, আজকের শিশুই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।