রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল থেকে শুরু হয়ে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রয়েছে সেখানে। এর প্রভাব পড়েছে গোটা রাজধানীর সড়কগুলোতে। এমনিতেই যানজট ঢাকার নিত্য সঙ্গি তার উপর নিউমার্কেটের এই ঘটনা যানজট বাড়িয়েছে কয়েকগুণ।
নিউমার্কেট-নীলক্ষেত এলাকাসহ সাইন্সল্যাব দিয়ে যান চলাচল করছে না দীর্ঘ প্রায় ৪ ঘন্টা। ফলে মিরপুর সড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। এতে শিশু, বৃদ্ধ আর অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতভর কয়েক দফা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবার নতুন করে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতদের ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর কাপড় কিনতে গেলে দোকানের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসে আর সাইন্সল্যাব এলাকার সড়ক বন্ধ করে দেন তারা।
অভিযোগ উঠেছে, শিক্ষার্থীরা ব্যবসায়ীদের মার্কেটে প্রবেশেও বাধা দেয়। পরবর্তী সময়ে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
এসময় অনেককে লাঠি সোটা নিয়েও ধাওয়া দিতে দেখা গেছে। উভয়পক্ষ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা মার্কেটের ছাদে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা কলেজের একাডেমিক ভবনের ছাদে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়ছেন।
গতকাল রাতের ঘটনার পর পুলিশ ঘোষণা দিয়ে ঘটনাস্থলে অবস্থান নিলেও কোনও পক্ষকে নমনীয় করতে পারেনি। এসময় টিয়ারসেল নিক্ষেপের শব্দ শোনা যায়।
এদিকে যান চলাচল চলাচল বন্ধ হয়ে যাওয়া মিরপুর রোডসহ রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে এবং কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গেছে।