ঈদের মৌসুমে দোকান বন্ধ থাকায় দু:শ্চিন্তায় নিউমার্কেটের ব্যবসায়ীরা। দুই দিনের সংঘর্ষের পর এখন থমকে আছে গোটা এলাকা। দোকান খুলে বেচাবিক্রির অপেক্ষায় প্রহর গুনছেন তারা। দোকান খুলতে যত দেরি হবে ক্ষতির পরিমান ততো বাড়বে বলে আশঙ্কা তাদের।
আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে দোকানগুলোর সামনে ব্যবসায়ী ও কর্মচারীদের আনাগোনা। তাঁরা জানান, ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কোনো নির্দেশনা না পাওয়ায় দোকান খুলতে পারছেন না তারা।
এদিকে নিউমার্কেটের বন্ধ গেটের সামনে এসে অনেক ক্রেতাকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা কেনাকাটা করতে এসেছেন বলে জানা গেছে। হাজারীবাগ থেকে আসা মকবুল হোসেন বললেন, ‘গতকাল শুনেছিলাম ঝামেলা হয়েছে। আজ কিছু কেনাকাটা করতে এসে দেখি মার্কেট বন্ধ।’
মার্কেট খোলা সম্পর্কে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সাহিন বলেন, ‘দোকান খুলে দিতে আমরা চেষ্টা করছি। প্রশাসনসহ সব মহলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’ বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মার্কেট বন্ধ আছে।