নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বৈঠকের পর নীলক্ষেতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুই দিন পর খুলতে শুরু করেছে নিউমার্কেট এলাকায় দোকান। তবে মার্কেট এলাকার নিরাপত্তার জন্য পুলিশের ব্যাপক উপুস্থিতি লক্ষ্য করা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কিছু কিছু দোকান খুলতে শুরু করে। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের আনাগোনা দেখা গেছে।
সমঝোতা বৈঠকের কথা জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিউমার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট খোলা শুরু হয়েছে। সব পক্ষ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে বলে তিনি আশা করেন।
এর আগে বুধবার গভীর রাতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের এক বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়।
সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলে মঙ্গলবার পুরো দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
সংঘর্ষ চলে বুধবারও। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। বিকেলে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ফের রাস্তায় নামেন। এরপর রাতে তাঁরা সংশ্লিষ্ট ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানান।
এ ঘটনায় নাহিদ হাসান (১৮) ও মোরসালিন (২৬) নামের দুজন মারা গেছেন। দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাহিদ হাসান একটি কোম্পানির ডেলিভারি বয় এবং মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন।