রাজধানী

খেলার মাঠে থানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবিঃ সংগৃহীত)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবিঃ সংগৃহীত)

মাঠে খেলতে যাওয়া কয়েকটি শিশুকে পুলিশ কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গতবছর ৩১ জানুয়ারি। এবার সেই মাঠে কলাবাগান থানার ভবন করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ঘটনার প্রতিবাদ করায় কয়েকজন শিশুসহ অভিভাবককে থানায় আটক করার ঘটনাও ঘটেছে। পরে ছেড়েও দিয়েছে।

বিষয়টি অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পর্যন্ত গড়িয়েছে। তিনি বলেছেন, শিশুদের খেলার মাঠে কলাবাগান থানা করা যাবে না। তাদেরকে (কলাবাগান থানা) তেঁতুলতলা মাঠের বিকল্প জায়গা খোঁজার কথা বলা হয়েছে। আর মাঠের বিষয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা জানান।

তিনি বলেন, ডিসি জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে কলাবাগান থানাকে বরাদ্দ দিয়েছে।

সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ করতে যায়, তখন খেলার মাঠের দাবিতে এর প্রতিবাদ জানায়। আমাদের মেয়র বলেছেন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে। আমরা মনে করি, খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার মাঠ যেন থাকে, সে জন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। মেয়রকে বলেছি, সবাইকে বলেছি বিকল্প একটা খোঁজার জন্য। যদি না হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীরও এটা অতীবও জরুরি। এটা আমরা পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেব, কি করা যায়।

এর আগে গতকাল রবিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্না ও তাঁর ছেলে ঈসা আব্দুল্লাহকে (১৭) গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওইদিন সকালে মাঠে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানালে তাঁকে ও তাঁর ছেলেকে আটক করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর পান্থপথে কনকর্ড টাওয়ারের সামনে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে ‘কলাবাগান এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধনে স্থানীয় শিশু-কিশোর ও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে এলাকাবাসী জানিয়েছিল, শিশুদের খেলাধুলার পাশাপাশি এই মাঠে ঈদের নামাজ, জানাজা ও বিভিন্ন সামাজিক আয়োজন করা হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না বলেছিলেন, মাঠটি রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়েও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকার সংসদ সদস্য আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি দেখবেন। কিন্তু এখন শিশুদের যাতায়াতই বন্ধ হয়ে গেল।

গত ৩১ জানুয়ারি ওই মাঠে কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ। সেদিন মাঠে খেলতে যাওয়া কয়েকটি শিশুর কান ধরে উঠবস করান পুলিশ সদস্যরা। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

২০২০ সালের ২৪ আগস্ট ঢাকা জেলা প্রশাসন এক নোটিশে জানায়, ঢাকা মহানগর পুলিশের কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। সেই নোটিশে এই জমিকে পতিত হিসেবে উল্লেখ করা হয়। নোটিশ দেওয়ার পর থেকেই স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবেই রাখতে প্রতিবাদ করে আসছিল।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ