করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর আবারো শুরু হলো আন্তর্জাতিক পর্যটন মেলা-ঢাকা ট্রাভেল মার্ট। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন (শনিবার)।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপরে সমাপনী দিনে একটি র্যাফেল ড্র’র আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, সারজাহ, দুবাই, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।
‘ট্রিপ লাভার ঢাকা ট্রাভেল মার্ট’ শীর্ষক এ পর্যটন মেলার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২২-এর টাইটেল স্পন্সর ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।