বেতন বাড়ানোর দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ সময় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে কয়েকটি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
সোমবার (৬ জুন) রাজধানীর মিরপুরেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান পোশাক শ্রমিকরা। এই বিক্ষোভ টানা তিন দিনে গড়াল।
বেতন বাড়ানোর দাবিতে গত শনিবার (৪ জুন) দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ওই দিন তারা বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১০, ১৩ ও ১৪ নম্বরের রাস্তা আটকে রাখেন। পরদিন রোববার (৫ জুন) বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এদিন শ্রমিকরা মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৪ নম্বরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই হারে বেতন বাড়েনি তাদের। ফলে বর্তমান বেতন দিয়ে মাস পার করাও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি।