ঢাকার হাতিরঝিল এলাকায় ডিবিসি নিউজের নির্বাহী প্রযোজক আব্দুল বারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন পথচারীরা।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল এলাকায় মরদেহটি দেখা যায়। পরে পৌনে দশটার দিকে পুলিশ এসে মরহদেহ উদ্ধার করে।
সহকর্মীর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিবিসি নিউজের অপরাধবিষয়ক প্রতিবেদক রাজীব ঘোষ। তিনি বলেন, আবদুল বারী ডিবিসি নিউজের প্রযোজক ছিলেন। গতকাল মঙ্গলবার তার সাপ্তাহিক ছুটি ছিল। সে কারণে তিনি অফিসে যাননি।
আবদুল বারী মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয়ের কাছে একটি মেসে থাকতেন বলে জানান তার সহকর্মীরা। তাঁর বাড়ি সিরাজগঞ্জে।
বারীর খালাত ভাই মোহাম্মদ সোহেল রানা পুলিশের বরাত দিয়ে বলেন, ‘ধারণা করা হচ্ছে প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে। কারণ তার জামা কাপড় ভেজা ছিলো। বারী আবার লেকপাড়ে উঠে আসলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তার মরদেহের পাশ থেকে এসময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।’