সাভারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরেক বৈজ্ঞানিক কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় ৪ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারালেন।
পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়জুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফারহানা ইসলাম সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার বিকেল ৩ টায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বুধবার দিবাগত রাত ১২টায় আইসিইউতে তার মুতরই হয়।
গত রোববার সকাল ৯টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গরু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এরপর সড়ক বিভাজনী পার হয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে ৪ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জন পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। তারা হলেন আরিফুজ্জামান, পূজা সরকার ও কাউসার আহমেদ। অন্য একজন হলেন ট্রাকচালক। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে যাত্রীবাহী বাসের চালকও নিহত হন।