২০ বছর আগে আম ও কাঁঠাল ছিল আমাদের প্রধান ফল। এখন দেশে ৭২ প্রজাতির ফল চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ।
সোমবার (১৩ জুন) সচিবালয়ে জাতীয় ফল মেলা শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরাত দিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, গত বছরে ১ কোটি ২২ লাখ টন ফল উৎপাদন হয়েছে। যা বাংলাদেশে ফল উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ হারের রেকর্ড।
তিনি বলেন, বিগত ১২ বছরে ফলের উৎপাদনের প্রবৃদ্ধি ২২ শতাংশ। কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, পেঁপেতে ১৪ তম স্থানে আছে বাংলাদেশ।
বিদেশে ফল রফতানির অপার সম্ভাবনা আছে উল্লেখ করে ড. আবদুর রাজ্জাক বলেন, কিছু প্রতিবন্ধকতা দূর করে, ফলের রফতানি বাড়নো হয়েছে, আম-কাঠালের পাশাপাশি আনারস, ড্রাগন রফতানি করা হবে। সেই সঙ্গে কেসনাটের উৎপাদন বাড়িয়ে রফতানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী নীতি প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের ফলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ, আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস, জনসংখ্যার আধিক্য, জমিতে লবণাক্ততা ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।