ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকার পরিবেশ এখন চমৎকার। কারণ, আমরা রাজধানী ঢাকাকে বিশ্রাম দিতে আরম্ভ করেছি।
রাত ৮টার পর দোকানপাট, বিপনী-বিতানসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আজকের এই মুহূর্তে ঢাকা শহরের একিউআই ২০। মানে ঢাকার পরিবেশ এখন চমৎকার।
বুধবার (২২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ডেঙ্গু রোগের প্রকোপ: আমাদের করণীয়’ শীর্ষক ডুরা সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. কবিরুল বাশার, কীটতত্ত্ববিদ ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাপস বলেন, ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে আরও সচেতন হতে হবে, তাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। আমরা প্রস্তুত সকল উপাদান নিয়ে, সকল অস্ত্র নিয়ে, সকল সরঞ্জাম নিয়ে, জনগণ নিয়ে এবং সবচেয়ে বড় কথা নিষ্ঠা ও দায়িত্ববোধ প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, আমরা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো এবং সুষ্ঠুভাবে মশক নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত সহায়তা না পেলে আমাদের এই কার্যক্রম আসলেই অনেক কঠিন হয়ে যাবে। তাই, ডেঙ্গু রোগের বিস্তার রোধে সম্মিলিতভাবে ঢাকাবাসীকে এগিয়ে আসতে হবে।
ডুরা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ীর সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাসটাস অধ্যাপক ড. এবিএম আবদুল্লাহ, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, (নগর পরিকল্পনাবিদ), নির্বাহী পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি), অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), স্বাস্থ্য অধিদপ্তর।