রাজধানীর বংশালে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে বংশালের আগাসাদেক রোড এলাকার এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ৬২ বছর বয়সী মো. ইসরাফিল, ৫০ বছর বয়সী মোছাম্মদ সালমা বেগম, ৩৫ বছর বয়সী মোছা. শাহজাদী আক্তার ও ২৮ বছর বয়সী মো. ইমরান হোসেন।
ইসরাফিলের ভাতিজা মো. তারেক গণমাধ্যমকে বলেন, আগাসাদেক রোডের ৫৬ নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে আগুন লেগেছে; এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের আগাসাদেক এলাকার একটি বাসা থেকে চারজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের চারজনকেই ভর্তি নেয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।