রাজধানীর উত্তরায় পদ্মা বহুমুখী সেতু সফলভাবে উদ্বোধন ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ায় আনন্দ র্যালি করেছে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার (২৭ জুন) বিকেল ৫টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে র্যালিটি বের করা হয়। পরে সেটি বিমানবন্দরের কাছাকাছি গিয়ে শেষ হয়।
র্যালিতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক হাবিব হাসান ছাড়াও সংসদীয় আসনটির আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, ‘পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খরস্রোত নদী পদ্মার উপরে সাড়ে ৬ কিলোমিটারের সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ম্যাজিক দেখিয়েছেন। তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিদেশি সহযোগিতা ছাড়া নিজের টাকায় সেতু তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছেন।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।