রাজধানীর পল্টন এলাকায় জাহাঙ্গীর মোল্লা নামের এক ব্যক্তিকে চাপা দেওয়া বাসের চালক মোহাম্মদ আল আমিনকে মুন্সিগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব বলছে, সনদ ছাড়াই পাঁচ বছর ধরে বাস চালাচ্ছিলেন ওই চালক।
সোমবার ( ৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব কথা জানান। রোববার (৩ জুলাই)চালক আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব বলেছে, মনজিল পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার সময় রোববার (৩ জুলাই) ওই দুর্ঘটনা ঘটে। গ্রেপ্তার আল আমিন ২০১২ সাল থেকে চার বছর বলাকা বাসে চালকের সহযোগী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি মনজিল পরিবহনে দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা মজুরিতে গাড়ি চালানো শুরু করেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন চালকের সনদ রয়েছে বলে জানিয়েছেন। তবে এর সত্যতা খুঁজে পায়নি র্যাব ।
র্যাবের এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর চালক বাসটি রেখে চলে যান। তিনি প্রথমে যাত্রাবাড়ী এলাকায় বোনের বাসায় আত্মগোপন করেন। সেখানে রাত্রিযাপন করে মুন্সিগঞ্জে চলে যান। প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান জানা যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব বলেছে, দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর চার মেয়ে রয়েছে।
এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে, তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।
দুর্ঘটনার পর পল্টন থানায় একটি মামলা হয়েছে। আল আমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পল্টন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।