জাতীয় প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। তিনি পেশায় একজন ঠিকাদার।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, গাজী আনিস নামের ব্যক্তিটি নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে তিনি শরীরে আগুন ধরিয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ইসমাইল হোসেন টিটু বলেন, গাজী আনিস নামের ব্যক্তিটি হঠাৎ করে তার শরীরে আগুন ধরিয়ে দেন। এ অবস্থায় আগুন নেভাতে আমি দেখে দ্রুত পানির ব্যবস্থা করি। পরে অন্যান্য সাংবাদিক এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত আরেক সাংবাদিক জানান, বিকাল আনুমানিক ৫টার সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশের সহযোগিতায় দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে আসার সময় কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়। তিনি হেনোলাক্স কোম্পানি কাছ থেকে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন বলে জানিয়েছেন। ওই কোম্পানি পাওনা টাকা দিচ্ছেন না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেছেন তিনি। কিন্তু কোনো লাভ হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, গাজী আনিসের শরীরের মুখ মণ্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। তার চিকিৎসা চলছে।