আয় কমার ভয়ে মহাসড়কে বাইক বন্ধ করিয়েছেন বাসমালিকরা এমন অভিযোগ বাইকারদের। মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।
ঈদের আগে ও পরে মহাসড়কে সাতদিন মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন অর্ধশতাধিক বাইকার।
মানববন্ধনে বাইক চালক আরাফাত হোসেন বলেন, মহাসড়কে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাইক চালানো বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান না। মাথা ব্যথা তাই মাথা কেটে ফেলতে হবে কেন? বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক। কেননা ঈদে বাড়ি ফেরার জন্য বাস-ট্রেনের টিকিট পাওয়া ঝামেলা। এছাড়া যাতায়াতেও কষ্ট। তাই আমরা ঝামেলাবিহীনভাবে বাড়ি ফেরার জন্য মহাসড়কে বাইক চলাচলের অনুমতি চাই।
ফেসবুকে বাইকারদের একটি গ্রুপের অ্যাডমিন মমিন তাজ মানববন্ধনে দাঁড়িয়ে বলেন, মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে। বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা উপর মহলে চাপ সৃষ্টি করে এই বাইক চলাচল বন্ধ করেছে।