লোডশেডিংয়ে জনগণকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নবগঠিত ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, প্রতিবেশী দেশের দিকে তাকান। আজ শুধু বাংলাদেশে এই সমস্যা না। সমস্যা জ্বালানি সরবরাহ মূল্য। কোথাও কোথাও লোডশেডিং হয়েছে। এটা সমায়িক, জনগণকে এই লোডশেডিংয়ে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ধৈর্য ধরে সহযোগিতা করা আহ্বান জানাচ্ছি। শতভাগ বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা, সেই শতভাগ বিদ্যুৎ শতভাগই থাকবে।
বিএনপির সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে আছে ফখরুল সাহেব আপনাদের সময় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, দিনের পর দিন লোডশেডিং। আপনাদের লজ্জা যদি থাকতো লোডশেডিং নিয়ে কথা বলতেন না। জনগণ ভুলে যায়নি বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন, সে খাম্বায় দুর্নীতি।
এসময় সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে।