ঢাকার সেগুনবাগিচার একটি ফ্ল্যাট থেকে পুলিশ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন, তার পরিবারের অন্যরা থাকেন বিদেশে।
বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় বাসার দরজা ভেঙে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে চিকিৎসক জানান, এই ব্যক্তি আগেই মারা গেছেন।
শাহবাগ থানার এসআই মোহাম্মদ আবদুল্লাহ দেশ টিভিকে জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আবুল হোসেন একজন ভেটেরিনারি চিকিৎসক। সেগুনবাগিচার এই ফ্ল্যাটে তিনি একা থাকতেন। তার স্ত্রী এবং দুই মেয়ে কানাডায় থাকেন।
৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ওই ভবনে যায় বলে জানান এসআই আব্দুল্লাহ। ফোনটি করেছিলেন ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, গত ১৮ জুলাই ওই ভবনের দারোয়ানের সঙ্গে আবুল হোসেনের সর্বশেষ কথা হয়েছিল। সেদিন আবুল হোসেন একটি চিরকুট স্থানীয় এক চিকিৎসককে দেওয়ার জন্য দারোয়ানকে ডেকেছিলেন।
‘আজ বিকেলে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী এসে আবুল হোসেনের ফ্ল্যাটে কলিংবেল দিলে কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে বলেন। দারোয়ানও বেশ কয়েকবার কলিং বেল টেপে এবং ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সমিতির সভাপতিকে জানায়। পরে সভাপতি ৯৯৯ এর ফোন করে জানালে আমরা ১১ তলায় ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙে ঢুকি।’
আবুল হোসেনের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ‘তার দেহ মেঝেতে পড়ে ছিল। অসুস্থ হয়ে তার তার মৃত্যু হয়ে থাকতে পারে।’
স্বজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলার আবুল হোসেন বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে ছিলেন। পরে স্ত্রী সন্তানরা কানাডায় চলে যান এবং সেখানে প্রায় ৮/৯ বছর ধরে বসবাস করছেন। আর তিনি ঢাকায় এসে থাকছেন।