রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে রাজধানী ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে সাভার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ওই চার স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ঢাকায় আনার অভিযোগে নগরীর বুলনপুর এলাকার চাঁদনী নামের ওই নারীকে আটক করে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।
উদ্ধারের পর শুক্রবার (২৯ জুলাই) সকালে চার স্কুলছাত্রীকে প্রথমে রাজপাড়া থানায় আনা হয়। পরে স্কুলছাত্রীদের আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্কুলছাত্রীদের সবার বাড়ি নগরীর টুলটুলিপাড়ায়। তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে গত ২৬ জুলাই স্কুলে যাওয়ার কথা বলে ওই চার শিক্ষার্থী নিখোঁজ হন। চাঁদনী নামের এক নারী চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ঢাকায় নিয়ে যায় বলে জানিয়েছে ছাত্রীরা। এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অপহরণ মামলা করেন।
রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত ২৬ জুলাই চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তারা আর বাড়িতে ফিরে আসেনি। শিক্ষার্থীরা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই রাতেই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।