রাজধানীর মোহাম্মদপুরে গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে আটটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি রিকশাচালক ছিলেন বলে আশপাশের লোকজন জানিয়েছেন। নাবিল পরিবহনের কাউন্টারের পাশে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসআই আব্দুর রশিদ সরদার বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে। এছাড়াও সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।