ঢাকার শ্যামপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দগ্ধ চারজন হলেন- রতন (৩৫), সুনীল (৪০), রনি (২৯) ও আকাঈদ (২২)।
এদের মধ্যে রতন ও সুনীলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘দগ্ধ সবাই একটি দিয়াশলাই কারখানার শ্রমিক।’
আহতদের সঙ্গে আসা শ্যামপুর এলাকার সালাম স্টিল মিলের সুপারভাইজার সুমন মিয়া জানান, তাদের মিলের পাশে ওই কারখানা।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “কাজ শেষ করে কারখানার বাইরে বের হয়ে পানি দিয়ে তারা হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এসময় চারজন দগ্ধ হন।”
রনি ও আকাঈদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ছেড়ে দেন বলে জানান সুমন।