রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় হাজী আব্দুল মান্নান শেখ (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, রাতে গেন্ডারিয়া কাঁচা বাজার মসজিদসংলগ্ন রাস্তা পার হচ্ছিলেন হাজী আব্দুল মান্নান শেখ। ওই সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাসুম শেখ এসব তথ্য নিশ্চিত করেন।
হাজী আব্দুল মান্নান শেখের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহরি নৌপাড়া গ্রামে। পরিবার নিয়ে গেন্ডারিয়া কাঁচা বাজারসংলগ্ন বড় মসজিদ এলাকায় থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।