রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার আগুন দুই ঘণ্টা ১১ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৫ আগস্ট) দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১২টায় আগুন লাগার খবর পেয়ে পৌছাতে তাদের সময় লাগে ৯ মিনিট। ৯৫ জন কর্মী বেলা দুইটা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কামালবাগের দেবিদ্বার ঘাটে প্লাস্টিক কারাখানায় লাগা এই আগুনের সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তারা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।
‘এলাকাটির বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ,’ জানিয়ে ফায়ার সার্ভিসের পরিচাকল লে. ক. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘অনেক কারখানায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল আছে। প্লাস্টিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।’
তিনি বলেন ‘কোনো ভবন এখানে বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি।’