রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে মারা যাওয়া পাঁচজনের মরদেহ দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গার্ডার সরানোর পর প্রাইভেট কার কেটে লাশগুলো বের করা হয়।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বিকেল সোয়া চারটার দিকে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে গেলে সাতজন চাপা পড়েন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানিয়েছেন, গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২) গাড়ির ভেতরেই চাপা পড়েছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গার্ডার সরানোর পর তাদের লাশ উদ্ধার করা হয়।
বিআরটি প্রকল্প পরিচালক (আরএইচডি) ইলিয়াস শাহ বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে এসেছি; কেন, কী কারণে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা- সেটা খুঁজে বের করতে একটু সময় লাগবে।
এদিকে ঘটনার পর কুড়িল ফ্লাইওভার থেকে উত্তরাগামী যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন ট্রাফিক উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক। তিনি বলেন, উত্তরা থেকে সীমিত পরিসরে ঢাকার দিকে যান চলাচল করছে।