নকল চাবি দিয়ে তালা খুলে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্প্রতি ডিএমপির গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরির মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ও বিভিন্ন প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, অভিনব উপায়ে চুরি করার পর মোটরসাইকেলগুলো কেরানীগঞ্জ, দোহার, মুন্সীগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় নিয়ে অল্প দামে বিক্রি করতো। বিক্রির সময় বলা হতো এগুলো ভারতীয় সীমান্ত থেকে আনা হয়েছে, ফলে কম দাম পড়ছে। চক্রটি আড়াই লাখ টাকার মোটরসাইকেল বিক্রি করতো ৪০ থেকে ৮০ হাজারে।
হারুন অর রশীদ জানান, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছে চক্রের দুই সদস্য নূর মোহাম্মদ (২৬) ও রবিন (২৩)। তাদের যাত্রাবাড়ীর শনির আকড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সজল (১৮), মনির (২২) ও আকাশ (২২) নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযুক্তরা বড়লোক হওয়ার নেশায় গত আট বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে। চুরি করা মোটরসাইকেলগুলোর মধ্যে অধিকাংশই সুজুকি ব্র্যান্ডের জিক্সার মডেলের। তথ্য-প্রযুক্তির সহায়তায় চক্রটিকে ধরতে অভিযান শুরু করে ডিবির ওয়ারি বিভাগ। চক্রটি ছিল খুবই ধূর্ত। সিসিটিভি ফুটেজ দেখে চক্রের মূল হোতা নূর মোহাম্মদ ও রবিনকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর শনির আখড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সজল, মনির ও আকাশকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।