রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটাপড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ফখরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ফখরুল ইসলাম (৫৯) বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন তিনি।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ গণমাধ্যমকে জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।