অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের সিনিয়র সাংবাদিক আবুল কাশেমের উত্তর বাড্ডার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোর ল্যাপটপ, স্বর্ণালঙ্কারসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে।
কাশেম জানিয়েছেন, সোমবার (২৯ আগস্ট) সকালে বাসায় তালা দিয়ে তিনি অফিসে যান। সন্ধ্যায় ফিরে দেখেন ফ্ল্যাটের প্রধান দরজার তালা ভাঙা। এরপর ঘরে ঢুকে সব এলোমেলো দেখতে পান।
পরে খুঁজে দেখেন ল্যাপটপ, কিছু স্বর্ণালঙ্কার ও বাচ্চার দামি খেলনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই।
তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে উত্তর বাড্ডার দায়িত্বে থাকা সাব ইনস্পেক্টর নওশাদ আলী ঘটনাস্থলে আসেন। তিনি দেখে থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
মঙ্গলবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এই সাংবাদিক।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা নওশাদ আলী বলেন, চোর শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।