রাজধানীর দক্ষিণখান এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানার (২১) আত্মহত্যার মামলায় নিহতের বাবা শাহীন আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে শাহীন আলমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর মোছা. রেজিয়া খাতুন তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।
সানজানার আত্মহত্যার পর থেকে অভিযুক্ত আসামি আত্মগোপনে চলে যান। পরে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে অভিযুক্ত শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আত্মহত্যার আগে তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে যান।
সুইসাইড নোটে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।