শিক্ষার্থীদের সমস্যা সমাধানে অসাধারণ পরিকল্পনা পরিবেশনের মধ্য দিয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হলো বিয়ন্ডগ্রেডস প্রোগ্রামের ৩য় পর্ব।
বিয়ন্ডগ্রেডস-এর প্রাক্তন ব্যবস্থাপক ফাতেমা মেহরীন কুইনের সঞ্চালনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পরিকল্পনাগুলো প্রদর্শন করে। শিক্ষার্থীদের পরিকল্পনাসমূহের মধ্যে শব্দদূষণ হ্রাস, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা নিশ্চিত করা এবং যৌন হয়রানি রোধের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম তৈরীর পরিকল্পনা উল্লেখযোগ্য।
গত ৪ আগষ্ট শুরু হওয়া এবারের বিয়ন্ডগ্রেডস এর ৩য় পর্বে অংশ নিয়েছে তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা। ২ মাস পর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং অগ্রগতীর মাধ্যমেই এই প্রোগ্রামের সার্থকতা উপলব্ধি করা যায়।
২৪ শে সেপ্টেম্বর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিকল্পনা বিচারকদের পাশাপাশি মুগ্ধ করেছে স্কুলের শিক্ষকগণদেরও।
আইডিয়া প্রজেক্টের প্রধান সিদ্বার্থ গোস্বামীসহ সম্মানিত ৩জন বিচারক বলেন- ‘এই সমাপনী অনুষ্ঠান জেতার জন্য নয়। বরং শিক্ষার্থীদের এই পরিকল্পনা এবং ইচ্ছা শক্তি বজায় রাখার মাধ্যমে তাদের এমন অভিনব পরিকল্পনা সমাজে দূর্দান্ত ইতিবাচক প্রভাব বিস্তার করবে।’
বিচারকদের পাশাপাশি তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক আতিয়া নাজ শিক্ষার্থীদের অগ্রগতিতে আনন্দ প্রকাশ করেন।
ইএমকে সেন্টারের সহকারী সমন্বয়ক আয়শা সিদ্দিকা বলেন- ‘আমরা মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেন্টার সবসময় শিশু-কিশোরদের সৃজনশীল কার্যক্রম এবং উন্নত প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি।’ বিয়ন্ডগ্রেডস এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিকল্পনা বাস্তবায়নে ইএমকে সেন্টার কতৃক সহযোগিতা প্রদান করার আশ্বাসও দেন তিনি।
বিয়ন্ডগ্রেডস প্রোগ্রাম ডিরেক্টর ওয়াহিদ হোসেন বলেন- ‘শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব ও উদ্যোক্তাগত মানসিকতা উন্নয়নের লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ভবিষ্যতে আরো শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি আমরা।’