রায় নিয়ে অহেতুক মন্তব্য কিংবা কোনো প্রকার দ্বন্দ্বে জড়ানো কারও জন্য ঠিক নয়— মন্তব্য করে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বলেন, বিচারক কিংবা আইনজীবী কেউই আইনের উর্ধ্বে নয়। শনিবার বার কাউন্সিলের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মামলার বিষয় ব্যক্তি পর্যায়ে নেয়া ঠিক নয় উল্লেখ করে দেশের ক্ষতি হয় এমন কোনো মামলা পরিচালনা না করার আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, বিচারকরা সাংবিধানিকভাবে স্বাধীন হলেও কেওই আইনের উর্ধ্বে নয়। রায় নিয়ে অহেতুক মন্তব্য বা দ্বন্দ্বে না জড়ানোর কথাও বলেন তিনি।
মোজাম্মেল হোসেন বলেন, ‘জজ সাহেব কি জানেন আর কি জানেন না সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে ব্যক্তি বিচার পাচ্ছে কি? যা আপনি কোর্টে উপস্থাপন করছেন তার মামলার সবকিছুই আপনি কোর্টের সামনে তার ইচ্ছা মতো তাকে সহযোগিতা করতে হবে।’
একই অনুষ্ঠানে দেশের ক্ষতি হয় এমন মামলা পরিচালনা থেকে বিরত থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম। সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
মাহবুবে আলম বলেন, ‘এমন কোনো মামলায় নিয়োজিত আমরা হবো না যেটা নাকি দেশের ক্ষতি হয়ে যায়। অহেতুক মক্কেলদের কাছ থেকে নানাভাবে অর্থ নেয়া এবং মামলা ইচ্ছামত শেষ করা আবার শুরু করা এভাবে হয়রানি করা এটা কিন্তু বিশাল রকম অসদাচরণ।’
আর আইনজীবীদের ব্যক্তিগত মতাদর্শ থাকলেও আদালতের বিষয় ব্যক্তিপর্যায়ে না নেয়ার ওপর জোড় দেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘কখনো কেনো ব্যাপারে মামলার ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে এটাকে নিয়ে আসবেন না। আপনি আপনার আইন দ্বারা, আপনার যুক্তি দ্বারা, আপনার বক্তব্য দ্বারা আদালতে পেশ করবেন অপর পক্ষকে তেমনিভাবে তার যুক্তি প্রটেষ্ট করবেন।’
আর সুবিচারের স্বার্থে আলাদা সচিবালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্ট আইনজীবীরা।